সমুদ্রপথে ইতালিতে অবৈধ পাড়ি ঠেকাতে সচেতনতামূলক ওয়ার্কশপের পরিকল্পনা

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৬ পিএম
সমুদ্রপথে ইতালিতে অবৈধ পাড়ি ঠেকাতে সচেতনতামূলক ওয়ার্কশপের পরিকল্পনা

বাংলাদেশ থেকে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালিতে অবৈধ অনুপ্রবেশের প্রবণতা রোধে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে ওয়ার্কশপ আয়োজনের উদ্যোগের কথা বলা হয়।

সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সিংহভাগই শরীয়তপুর ও মাদারীপুরের বাসিন্দা। রাষ্ট্রদূতের বরাতে প্রতিমন্ত্রী বলেন, ওই দেশে থাকা বাংলাদেশিদের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এই দুই জেলাসহ আশপাশের অঞ্চলের মানুষ।

সমুদ্রপথে লিবিয়া হয়ে অবৈধভাবে ইতালিতে পাড়ি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। তিনি এমন অভিযানকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। এই প্রবণতা বন্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে ইউরোপীয় দেশটি। এর পরিপ্রেক্ষিতে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ আশেপাশের এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে যৌথ ওয়ার্কশপের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্কশপের মাধ্যমে এসব অঞ্চলের মানুষকে বোঝানো হবে অবৈধ পথে বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। পরিবার-পরিজন রেখে জীবন বাজি রাখার বদলে বৈধ উপায়ে বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে, সেটি কাজে লাগানোর আহ্বান জানানো হবে সবাইকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...