পিক আওয়ারে ২ হাজার ২৫৮ মেগাওয়াট লোডশেডিং, তালিকায় শীর্ষে ঢাকা
বিদ্যুতের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় গত শনিবার রাতের পিক আওয়ারে ভোক্তাদের বড় ধরনের লোডশেডিংয়ের মুখে পড়তে হয়েছে। রাত ৯টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার ১৭ মেগাওয়াট, যার বিপরীতে ঘাটতি ছিল ২ হাজার ২৫৮ মেগাওয়াট। জোনভিত্তিক হিসাবে এই সময়ে লোডশেডিংয়ের শীর্ষে ছিল ঢাকা জোন।
রোববার (৬ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই চিত্র উঠে এসেছে। তথ্য বলছে, ঢাকা জোনে রাত ৯টায় ৭৫৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে; এই জোনে বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার ১৮২ মেগাওয়াট। তালিকায় দ্বিতীয় স্থানে আছে খুলনা জোন, যেখানে ২৬২ মেগাওয়াট লোডশেডিংয়ের মুখে চাহিদা ছিল ২ হাজার ৫৬ মেগাওয়াট।
একই সময়ে কুমিল্লা জোনে ২৩৮ মেগাওয়াট এবং ময়মনসিংহ জোনে ২৩৪ মেগাওয়াট লোডশেডিং ঘটেছে; এ দুই জোনে চাহিদা ছিল যথাক্রমে ১ হাজার ৬৭২ ও ১ হাজার ৪১৭ মেগাওয়াট। এছাড়া রাজশাহী জোনে ২০৪ মেগাওয়াট, চট্টগ্রামে ১৭৭ মেগাওয়াট, রংপুরে ১৪২ মেগাওয়াট, সিলেটে ১৩৬ মেগাওয়াট এবং বরিশাল জোনে ১০৬ মেগাওয়াট লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহে সংকট, কয়লা আমদানির জটিলতা এবং বিদ্যুৎকেন্দ্রে নানা কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং বেড়েছে বলে জানা গেছে। জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনেও বিদ্যুতের এই ঘাটতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

