বেল্টে লুকানো ২৫ কোটি টাকার সোনা, শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মী আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর বেল্টের মধ্য থেকে প্রায় ১৪ কেজি ওজনের সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী ফ্লাইট বিজি-১৪৮ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীকে আটক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদ পাওয়ার পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাস্টমস হাউসের কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম ওড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি শুরু করে। এসময় বিমানের নিরাপত্তাকর্মী নুর ইসলামের সহায়তায় মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যদের আলাদাভাবে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সোয়েব গাজীর পরিহিত বেল্টের ভেতর কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু চোখে পড়ে কর্মকর্তাদের। পরে ওই বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম ধরে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
এনবিআরের প্রাথমিক ধারণা, অত্যন্ত ফন্দি আঁটলে বেল্টের মধ্যে লুকিয়ে রাখা সোনার বারগুলো বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কাস্টমস কর্তৃপক্ষ মনে করছে, সরকারি নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই এভাবে চোরাচালানের চেষ্টা চালানো হয়েছিল।

