জামায়াতের লংমার্চে জ্বালানি সংকট বাড়ছে, ১ লাখ লিটার তেল অপচয়: রাশেদ

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৫:২০ পিএম
জামায়াতের লংমার্চে জ্বালানি সংকট বাড়ছে, ১ লাখ লিটার তেল অপচয়: রাশেদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের ডাকা লংমার্চ কর্মসূচির কারণে যোগাযোগ ব্যবস্থা অচল হওয়া এবং ১ লাখ লিটার জ্বালানি তেল নষ্ট হওয়ায় দেশে জনভোগান্তির পাশাপাশি জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধী শিবিরের নেতাদের চেহারায় এখন হতাশার ছাপ স্পষ্ট। লংমার্চে দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ ছিল না। জামায়াত ভেবেছিল পথের দুই ধারে জনতার ঢল নামবে, দলের আমিরের গাড়ি উপচে পড়া ভিড়ে এগোতে পারবে না। কিন্তু ব্যাপক দেশি-বিদেশি বিনিয়োগের পরেও সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াতনেতৃত্বাধীন ৯ দলের জোট, যা থেকে ইতোমধ্যে দুটি দল আলাদা হয়ে গেছে।

তিনি আরও লেখেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে চলমান জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট জ্ঞান রাখে। মাত্র ৬ মাসের সরকারের ওপর ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার পর্যায়ে পড়ে। জাতীয় সংসদে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

বিরোধী দলগুলোর ৬ দফা দাবি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে, যা লংমার্চের কারণে এখন থমকে আছে। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে। শেষে তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ দলীয় স্বার্থে মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের ওপর লংমার্চ নামের আন্দোলন জোর করে চাপিয়ে দিয়েছে জামায়াত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...