টিউশনি শেষে ফেরার পথে কিশোর গ্যাংয়ের ছুরি, গুরুতর আহত স্কুলশিক্ষক
চট্টগ্রামের লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক স্কুলশিক্ষক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে এই হামলার ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। হামলায় তার শরীরের পাঁচটি স্থানে মারাত্মক জখম হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকের ভাই নাজিম উদ্দীন জানান, টিউশনি পড়িয়ে বাড়ি ফেরার সময় ৬-৭ জন দুর্বৃত্ত নজরুল ইসলামকে পথ আটকে ঘিরে ধরে। কী ঘটছে বুঝে ওঠার আগেই হামলাকারীরা তার ওপর এলোপাতাড়ি ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নজরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উকিলের পাড়ার আবদুল গনির ছেলে।
শিক্ষকের ফুফু আয়েশা বেগম জানান, ছেলের ওপর হামলার খবর শুনে তার মা জাহানারা বেগম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, গত ২২ আগস্ট ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। ওই ঘটনার পর আহত শিক্ষকের ভাই ও একই প্রতিষ্ঠানের শিক্ষক নাজিম উদ্দীন বিষয়টি নিয়ে থানায় গিয়েছিলেন। এতে গ্যাংয়ের সদস্যদের নাজিম উদ্দীনের প্রতি ক্ষোভ থাকার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই বিদ্বেষ থেকেই নজরুল ইসলামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ হোসাইন আল ইমরান বলেন, ছুরিকাঘাতে আহত এক শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে পাঁচ জায়গায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো পরিষ্কার হয়নি।

