ভালভ জটিলতায় পিছিয়ে যাচ্ছে রূপপুর থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর সময়সীমা পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিজেই খোলাখুলি জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। উল্লেখ্য, বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ জ্বালানি লোডিংয়ের আগে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। তখনকার পরিকল্পনা অনুযায়ী চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। একাধিক ধাপে পরীক্ষা সম্পন্ন হয়ে ইতিমধ্যে ‘বি’ স্টেজ শেষ হয়েছে। তবে দুটি সেফটি ভালভে সমস্যা থাকায় পরবর্তী ‘সি’ স্টেজে যাওয়া যাচ্ছে না, যা সরবরাহ শুরুর সময়কে প্রভাবিত করছে।
সমস্যা নিরসনে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের আসার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিষয়টি আড়াল করতে চাই না। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান করা হবে। প্রয়োজনে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন করা হবে, অথবা বিদ্যমান ভালভ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের নির্দেশ দেওয়া হবে।
একই সংবাদ সম্মেলনে দেশের ব্যান্ডউইথ সংকট এবং বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম লাইসেন্স নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া আলাদা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, স্বতন্ত্র লাইসেন্সধারী কোম্পানিগুলো মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই তিনটি প্রতিষ্ঠান মিলে কনসোর্টিয়াম বানিয়ে সাবমেরিন কেবল নেওয়ার উদ্যোগ নিয়েছে, যা সম্পূর্ণ নিয়মনীতি বহির্ভূত।

