বিমানবন্দরে সিআইডির অভিযানে কোটি টাকার সিগারেট ও ফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার অবৈধ বিদেশি পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সিগারেট, মোবাইল ফোন, এর যন্ত্রাংশ, মদ ও স্বর্ণালংকার। গত বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩১ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ-শিফটের দায়িত্বরত কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করেন। এ সময় মো. মনসুর আলম ও মোহাম্মদ নওয়াজ শরীফ নামের ওই দুই যাত্রীর কাছ থেকে ৪৮১ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এর বাজার মূল্য প্রায় ১৯ লাখ ২৪ হাজার টাকা। একই দিনে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগে বিশেষ কাযে লুকানো ৩৬টি স্মার্টফোন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।
ওই ব্যাগেজের মধ্যে আরও ৫৫০টি মোবাইল এলসিডি এবং ৯৫০টি মাদারবোর্ড ও বাটন ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসব যন্ত্রাংশের মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এছাড়া বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতরে তিন লিটার মদ ছিল। এর বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

