শাহজালালে ৭৫ লাখ টাকার সোনার গহনাসহ দুই পাচারকারী আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকার সোনার গহনাসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)। পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে তারা পার্কিং ভবনের নিচতলার বাইরের গেট সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এপিবিএন সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের তল্লাশি করে শরীরের সাথে লুকানো ৪৭৫.৬ গ্রাম (প্রায় ৪০.৭৮ ভরি) ওজনের ২১ ক্যারেটের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে এই স্বর্ণালঙ্কারগুলো দেশে আনা হয়। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এপিবিএন-এর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, সোনা ও মাদক চোরাচালান রোধে বিমানবন্দরে তাদের অভিযান অব্যাহত থাকবে।

