দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম, বদলিতে মোকাম্মেল হক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান মো. নাজমুল আলম। রোববার (৩০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এদিকে দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ ইউছুফকে একই দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে এসব আদেশ জারি করা হয়েছে।

