পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে চুরি দুই সিএনজি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় রাতের আঁধারে মুহূর্তের মধ্যে দুই প্রতিবেশীর বাড়ি থেকে চুরি হয়েছে দুটি সিএনজি অটোরিকশা। উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। একই রাতে মাত্র একশ’ গজ দূরত্বের মধ্যে অবস্থিত দুটি বাড়ি থেকে অটোরিকশা দুটি চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত চালক মো. কাইছার ও মো. ফরিদ জানান, বৃহস্পতিবার রাতে তারা যথাক্রমে নিজ নিজ বাড়ির বাইরে ও উঠানে গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙলে তারা গাড়ি খুঁজে না পেয়ে স্তম্ভিত হয়ে যান। কাইছার জানান, সকালে গ্যাস নিতে হবে বলেই তিনি বাড়ির বাইরে রেখেছিলেন। ব্যাংক ঋণের টাকায় কেনা গাড়ি হারিয়ে তিনি এখন নিঃস্ব। অন্যদিকে ফরিদ তার অটোরিকশায় চারটি তালা ও শিকল লাগিয়ে রেখেছিলেন। তবুও চোরেরা শিকল কেটে গাড়ি নিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সূত্রমতে, ভোররাতে কিছু অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালেই পটিয়া থানার এসআই শফিক উল্লাহ ও তার দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, চোর চক্রকে শনাক্ত করতে আশপাশের বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

