যুক্তরাজ্যের সহায়তায় শাহজালালে নিরাপত্তা জোরদারে প্রশিক্ষণ সম্পন্ন

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ১:০৪ এএম
যুক্তরাজ্যের সহায়তায় শাহজালালে নিরাপত্তা জোরদারে প্রশিক্ষণ সম্পন্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) ও ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ‘এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং’ শীর্ষক এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় সারা দেশের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য থেকে আগত প্রশিক্ষকরা আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকি মূল্যায়ন এবং পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণে তদারকি দক্ষতা বৃদ্ধি ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার ভাইস মার্শাল মো. আসিফ ইকবাল। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিরাপত্তা কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ সময় তিনি নিরাপত্তার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রী চলাচল সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন। তিনি এভিয়েশন নিরাপত্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...