দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন ট্রেনিং ল্যাব চালু করলো বাক্কো
দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে নতুন একটি ট্রেনিং ল্যাব চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (এএসও) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি-বাক্কো প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। এ সময় প্রকল্পের সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এবং প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মাহতাবুল হক উপস্থিত ছিলেন। বাক্কোর পক্ষ থেকে সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহসভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক এবং পরিচালক সায়মা শওকত ও আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
বাক্কো সূত্রে জানা গেছে, শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন উদীয়মান প্রযুক্তিনির্ভর কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

