সোহরাওয়ার্দীতে মিলাদের জশনে জুলুস, হাজার হাজার মানুষের সমাগম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভান্ডারি আশেকানরা ভোর থেকেই সমবেত হতে থাকেন।
সকাল ১১টার পর উদ্যানের দক্ষিণ গেট থেকে বর্ণাঢ্য জশনে জুলুস বের হওয়ার কথা রয়েছে। জশনে জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এরপর সেখানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় রাজনীতিবিদ, সুফি স্কলার এবং ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী মহাসমাবেশে সভাপতিত্ব করবেন।
সরেজমিনে দেখা গেছে, সকালের বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মানুষ দলে দলে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন। উদ্যানের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল স্থাপন করা হয়েছে। বৃষ্টির কারণে মাটি কিছুটা কাদায় পরিণত হলেও তা উপেক্ষা করেই আশেকানরা জি-কির ও স্লোগানে মুখরিত হয়ে মহাসমাবেশে অংশগ্রহণের জন্য অপেক্ষা করছেন। আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো অবস্থান করতে দেখা গেছে।

