বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, সাইবার হুমকি মোকাবিলার সিদ্ধান্ত

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ১১:১৯ এএম
বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক, সাইবার হুমকি মোকাবিলার সিদ্ধান্ত

দেশের আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় একাধিক গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ে বেসামরিক বিমান চলাচল হুমকি ও ঝুঁকি মূল্যায়ন কমিটির (ক্যাট্রাক) দ্বিতীয় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বেবিচক চেয়ারম্যান ও ক্যাট্রাক সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে এই সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমানবাহিনীর গোয়েন্দা ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কাস্টমস গোয়েন্দা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান সময়ে সন্ত্রাসবাদ, ড্রোন হামলা, সাইবার ঝুঁকি ও বিস্ফোরক দ্রব্যের মতো নানা ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিমানবন্দরের সাইবার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফিশিং, পাসওয়ার্ড চুরি এবং যাত্রী ও ফ্লাইট সংক্রান্ত তথ্য চুরি রোধে বেবিচক ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। জানানো হয়েছে, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি ও বিমানবন্দর নিরাপত্তা কর্মসূচিতে সাইবার নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ নিয়ে নির্দেশনা জারির কাজ চলছে। এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ই-গভর্নমেন্ট সিআইআরটির সঙ্গে সাইবার নিরাপত্তা নিরীক্ষার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সভায় বিমানবন্দরের উচ্চ ঝুঁকির তালিকা তৈরি এবং বিমান তল্লাশির প্রয়োজনীয়তা নির্ধারণে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সময়োপযোগী গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও আন্তঃসংস্থা সমন্বয় আরও জোরদার করার বিষয়েও জোরালো আলোচনা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...