চিকিৎসকের কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেফতার ২
রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একজন বিশিষ্ট চিকিৎসকের কণ্ঠস্বর ও পরিচয় নকল করে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত ১৮ ও ১৯ আগস্ট চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন তানভির আলম ওরফে রাহাত (২৩) ও মো. নুরনবী ইসলাম ওরফে মানিক (২৩)। তারা একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা ইউরোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলেছিল। এরপর এআই প্রযুক্তির মাধ্যমে ওই চিকিৎসকের কণ্ঠস্বর ক্লোন করে বিভিন্ন ভিডিও তৈরি করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছিল তারা।
এই প্রতারকচক্রটি প্রস্টেট সমস্যা, শারীরিক ও যৌন দুর্বলতাসহ বিভিন্ন রোগের সমাধানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ‘Prostulin F’ নামের একটি অননুমোদিত ওষুধ বিক্রি করছিল। বিষয়টি জানতে পেরে অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

