তৃণমূল নারীদের দক্ষতা বাড়াতে জাইকার সহযোগিতা চান মন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তৃণমূল নারীদের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কারিগরি সহায়তা প্রয়োজন। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা কামনা করেন তিনি।
জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে বৈঠকে রোহিঙ্গা ত্রাণ, নারী শিক্ষা, লিঙ্গ সমতা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা নিয়েও আলোচনা হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে নারীদের আর্থিক ক্ষমতায়নে জাইকার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড হচ্ছে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যা কোনো খরচ নয় বরং সামাজিক বিনিয়োগ। এর মাধ্যমে অর্জিত সহায়তা দিয়ে নারীরা তাদের পরিবারের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। বাংলাদেশের উন্নয়নে জাইকার পাঁচ দশকের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জাইকা প্রতিনিধিরাও এ বিষয়ে ইতিবাচক সাড়া দেন।

