চট্টগ্রামে পরকীয়ার জেরে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সেলিমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় এই প্রাণঘাতী ঘটনাটি ঘটে।
নিহত নুরহাবা (২৫) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে এবং গ্রেফতারকৃত সেলিম একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। পেশায় দিনমজুর সেলিম দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় একটি টিনশেড বাসায় বসবাস করছিলেন।
দোহাজারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল জানান, স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকাল ৮টার দিকে এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুরহাবার ওপর আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

