৩৫ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দুই প্রার্থীর মধ্যেই এই প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। এটি গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন।
ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব। তিনি জানান, আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে অবগত করবেন।
ভোটাররা দুই অংশের ব্যালট পেপার পাবেন। এর মধ্যে মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভাগ নম্বর। সংশ্লিষ্ট সাংসদকে সেখানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। মূল ব্যালট পেপারে বাংলা বর্ণমালার ক্রম অনুযায়ী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট প্রদান করবেন।

