সিসামুক্ত বাংলাদেশের রূপরেখা, শিশুদের রক্তে সিসা ৯৫% কমানোর লক্ষ্য

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ১০:৪৯ পিএম
সিসামুক্ত বাংলাদেশের রূপরেখা, শিশুদের রক্তে সিসা ৯৫% কমানোর লক্ষ্য

সরকার দেশের শিশুদের সুরক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সিসা দূষণ মোকাবিলায় বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সচিবালয়ে সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর আ লেড ফ্রি বাংলাদেশ (২০২৬-২০৩৫)’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে ভিত্তিমানের তুলনায় শিশুদের রক্তে সিসার উপস্থিতি ৫০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৯৫ শতাংশ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ঝুঁকির কথা তুলে ধরে কৌশলপত্রে বলা হয়, সিসা একটি অত্যন্ত ক্ষতিকর নিউরোটক্সিন যার নিরাপদ কোনো মাত্রা নেই। এটি মস্তিষ্কের ক্ষতি, স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা হ্রাস, রক্তশূন্যতা, কিডনি ও হৃদরোগের ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমআইসিএস ২০২৫ জরিপ অনুযায়ী, দেশের ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ দশমিক ৩৪ শতাংশ শিশুর রক্তে উদ্বেগজনক মাত্রার সিসা রয়েছে। ঢাকা জেলার অবস্থা আরও শঙ্কাজনক, যেখানে ৬৫ দশমিক ২ শতাংশ শিশু সিসা বিষক্রিয়ায় আক্রান্ত। আইসিডিডিআর,বির এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের ৯৮ শতাংশের রক্তেই এই ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।

নতুন এই কর্মপরিকল্পনায় সিসার উৎস শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও কর্মরত শ্রমিকদের সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই পরিকল্পনার মাধ্যমে দেশব্যাপী সিসা দূষণ নিয়ন্ত্রণ ও অবসানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...