অতীতের ধ্বংসস্তূপ সরিয়ে ভবিষ্যতের ভিত্তি তৈরি হয়েছে ১৮০ দিনে
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, বর্তমান সরকারের শুরুর ছয় মাস বা ১৮০ দিন মূলত রাষ্ট্রীয় কাঠামো ও সমাজ ব্যবস্থায় জমে থাকা ধ্বংসস্তূপের জঞ্জাল পরিষ্কার করার জন্য ব্যয় হয়েছে। তিনি এই সময়কে ভবিষ্যতের যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে বর্ণনা করেছেন।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের ক্ষোভ বেরিয়ে এসেছিল, যা ফ্যাসিবাদী শাসনের পতন ডেকে এনেছিল। এর বিপরীতে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং একই বছরের ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনগণ যে অভূতপূর্ব শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেছে, তা রাজনীতির ভিন্ন একটি ধারার প্রমাণ। তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ, আর ২৫ ডিসেম্বর ছিল নতুন স্বপ্ন ও প্রত্যাশার বিজয়।
এই তিনটি ঘটনা—৫ আগস্ট, ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর—ফ্যাসিবাদের প্রতি জনগণের ঘৃণা, তারেক রহমানের প্রতি আস্থা এবং বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধার পরিচয় বহন করে। মন্ত্রীর মতে, এই জঞ্জাল পরিষ্কারের পর্ব শেষে এখন দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটি শক্ত ভিত্তি প্রস্তুত হয়েছে।

