মাদরাসাছাত্র নাঈমের মরদেহ উদ্ধার, শরীরে বেতের আঘাতের দাগ
রাজধানীর রায়েরবাগে অবস্থিত একটি মাদরাসার শৌচাগার থেকে নাঈম শেখ (১২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে রায়েরবাগ জোড়াখাম্বা রওজাতুল উলুম হাফিজিয়া মাদরাসার তৃতীয় তলার টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে বেত দিয়ে পেটানোর দগদাগ রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। তিনি আরও জানান, নাঈম শাওয়ারের সঙ্গে নিজের কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাদরাসার শিক্ষকদের নির্যাতনের কারণেই এই ঘটনা ঘটেছে। নাঈমের মামা সুমন বলেন, হিফজ বিভাগের ছাত্র নাঈমকে গতকাল শিক্ষকরা বেত দিয়ে মারধর করেছিলেন। এই শারীরিক আঘাত সহ্য করতে না পেরে মানসিক প্রতিক্রিয়ায় সে আত্মহত্যার পথ বেছে নেয়। নাঈমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও তারা যাত্রাবাড়ীর ধোলাইপাড় মুরাদপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তার বাবা বাবু শেখ একজন রিকশাচালক।

