জাতীয় পার্টির আয়ের চেয়ে খরচ বেশি, ব্যাংকে জমা ৭৮ লাখ টাকা
গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি গত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাবপত্র তুলে দেন দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে দলটির মোট আয় ছিল এক কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা, আর ব্যয় হয়েছে এক কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। অর্থাৎ আয়ের চেয়ে পাঁচ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি খরচ হয়েছে দলটির।
হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, ২০২৪ সালের স্থিতি মিলিয়ে ব্যাংকে তাদের জমা ছিল দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। চলতি বছরের খরচ শেষে বর্তমানে ব্যাংকে জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা। ব্যয় বেশি হওয়ার কারণ হিসেবে তিনি নির্বাচনকে দায়ী করেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও ব্যক্তিগত পর্যায়ে প্রার্থীরা অংশ নেবেন এবং দলের পক্ষ থেকে সমর্থন থাকবে।
সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচার দাবির বিষয়ে রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি থাকাকালীন সংবিধানবিরোধী কোনো কাজ করেছেন কিনা সেটি দেখার বিষয়। এ বিষয়ে জাতীয় পার্টির কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। অন্যদিকে আওয়ামী লীগের পতনের পর দলে যে ভাঙন হয়েছিল, তার প্রভাব সম্পর্কে তিনি জানান, বিচ্ছিন্ন হয়ে যাওয়াদের বেশিরভাগই আবার জিএম কাদেরের নেতৃত্বে ফিরে এসেছেন। তৃণমূল পর্যায়ে এর কোনো নেতিবাচক প্রভাব নেই এবং দুই অংশের একীভবনের সম্ভাবনাও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

