সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৪:৫০ পিএম
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, সরকার চায় না কেউ অন্যায়ভাবে কষ্ট পাক। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং জনদাবি বিবেচনায় তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংবিধানের নির্দেশনা অনুযায়ী সরকার এগিয়ে যাবে এবং এ বিষয়ে দেশবাসীর সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

বিগত সরকারের আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে আইনমন্ত্রী জানান, গত ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমান। খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং পিরোজপুরে এলজিইডির সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প কেবল কাগজে-কলমে দেখিয়ে লুটপাট করা হয়েছে। জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...