চা শিল্প রক্ষায় কমিটি গঠন ও আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ৪:০৩ পিএম
চা শিল্প রক্ষায় কমিটি গঠন ও আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের চা শিল্পের দীর্ঘস্থায়ী সমস্যা নিরসন ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও চা শিল্প প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে চা শিল্পের উন্নয়ন বিষয়ক এক বৈঠকে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বৈঠকে চা বাগান মালিক ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা শিল্পের বিরাজ অবস্থা তুলে ধরেন। উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়ন সংকট, জ্বালানি খরচ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখার চ্যালেঞ্জ সম্পর্কে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী সবার আলোচনা মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করে নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেন।

চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের বোঝা লাঘব ও স্বল্পসুদে নতুন ঋণ প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া চা বাগানের চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান তিনি এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট সচিব ও চা শিল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...