স্থানীয় সরকার নির্বাচনের নীতিমালা চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন পরিচালনার আইন-বিধি সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) কমিশনের ১২তম সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ সংক্রান্ত প্রস্তাবনা খুব দ্রুত স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
ইসি সচিব জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদ—এই পাঁচটি প্রতিষ্ঠানের নির্বাচনী আইনে বেশ কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা স্পষ্ট করা এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।
প্রস্তাবনায় বলা হয়েছে, যারা ঋণের জামিনদার রয়েছেন তাদেরও ঋণখেলাপি হিসেবে গণ্য করে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া বিদ্যুৎ, ভূমি কর, ওয়াসার মতো সেবার বকেয়া বিল থাকলে তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক—যেকোনো অবস্থাতেই প্রার্থীর অযোগ্যতা হিসেবে ধরা হবে। সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারীদেরও এসব নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না বলে নীতিগত সম্মতি দিয়েছে কমিশন।
আখতার আহমেদ জানান, সব মিলিয়ে আইন সংশোধনের বিষয়গুলো এখন স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব আকারে পাঠানো হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি উপযুক্ত মনে করলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

