চট্টগ্রামে জলাবদ্ধতা রোধে চসিকের বিশেষ উদ্যোগ, পরিষ্কার হবে ৮০০ নালা
বর্ষাকালীন জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বড় ধরনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। মহানগরের প্রায় ৮০০টি নালা পর্যায়ক্রমে পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গত বুধবার (১৫ জুলাই) টাইগারপাসে সিটি কর্পোরেশন কার্যালয়ে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই পরিকল্পনার কথা জানান।
মেয়র জানান, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে যে নালাগুলো সেগুলো থেকে পলি, মাটি ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হবে। সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতে পাহাড়ি ঢল ও বর্জ্য জমে নালার পানি প্রবাহে বিঘ্ন ঘটায়। এমন পরিস্থিতিতে নগরবাসীকে দুর্ভোগের হাত থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখানে প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানেরও নির্দেশ দেন মেয়র।
এই কাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চসিক মেয়র। তিনি সতর্ক করে বলেন, ওয়ার্ড প্রতি নিয়োজিত সুপারভাইজার ও পরিচ্ছন্নতাকর্মীরা যদি তাদের দায়িত্বে অবহেলা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের বদলি করা হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় ট্রাক ও টমটমের ওপর কাভার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে যাতে পথে ময়লা না পড়ে। ডাস্টবিনের সংকটপূর্ণ এলাকায় নতুন ডাস্টবিন স্থাপনেরও নির্দেশ দেন তিনি।
নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, রাস্তায় বা নালায় ময়লা ফেলার পরিবর্তে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের কাছে নিয়মিত বর্জ্য দিলে শহরের পরিবেশ সুন্দর থাকবে এবং মশার উপদ্রব কমে আসবে।

