সংসদ যত সুন্দর চলবে জনগণের হতাশা তত কমবে: শফিকুর রহমান
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদ যত সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে চলবে, দেশের সাধারণ মানুষের মন থেকে হতাশা তত দূর হবে। তিনি সংসদকে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং একে দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনার প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
গতকাল বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন তিনি। এসময় বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদকে তারা ‘মজলুমের মিলনমেলা’ বলে মনে করেন। সংসদ নিয়মাবলী পালন নিশ্চিত করতে স্পিকারকে একজন ‘বলিষ্ঠ কমান্ডারের’ মতো ভূমিকা পালনেরও অনুরোধ জানান তিনি।
কর্মসংস্থান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দলের সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। এছাড়া রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ, সুষম উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারের কার্যকর পদক্ষেপ চান তিনি। তিনি স্পষ্ট করে বলেন, যদি সুষ্ঠু আলোচনার সুযোগ না দেওয়া হয়, তবে সংসদে বসা এবং জনগণের সময় ও অর্থের অপচয় ছাড়া আর কোনো ফলাফল আসবে না।

