‘স্বপ্ন’ নয় ‘দুঃস্বপ্ন’: কর্ণফুলী টানেলে বছরে লোকসান সাড়ে ৩৬ কোটি
দক্ষিণ এশিয়ার মাইলফলক হিসেবে খ্যাত চট্টগ্রামের কর্ণফুলী টানেল এখন সরকারের জন্য বৃহৎ আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের পর থেকেই প্রত্যাশিত যানবাহন চলাচল না হওয়ায় টোল আদায়ের চেয়ে রক্ষণাবেক্ষণ খরচ বেশি হচ্ছে। ফলে প্রতি মাসে প্রায় ৩ কোটি এবং বছরে সাড়ে ৩৬ কোটি টাকার ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সরকারি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
১০ হাজার ২৫৫ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি ভুল সমীক্ষার কারণে এমন পরিস্থিতির দিকে এগিয়েছে বলে জানা গেছে। প্রাথমিক সমীক্ষায় দৈনিক ১৭ হাজার ৩৭৫টি যানবাহন চলাচলের কথা থাকলেও বাস্তবে তা মাত্র ৪ হাজারের ঘরে সীমাবদ্ধ হয়েছে। ফলে দৈনিক গড়ে ১২ লাখ টাকা টোল আদায় হলেও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ ২২ লাখ টাকা ব্যয় হচ্ছে, যা প্রতি মাসে ৩ কোটি টাকার ঘাটতি তৈরি করছে।
শুধু চলাচল কম হওয়াই নয়, প্রকল্পের সাথে সম্পর্কহীন কাজে অর্থ ব্যয়েরও অভিযোগ উঠেছে। বিনা কারণে সার্ভিস এরিয়া নামে ৪৮৪ কোটি টাকা ব্যয় এবং স্থানীয়দের জমি নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। আইএমইডি বলছে, সঠিক নথি ও সরকারি বিধি অনুসরণ না করে অনেক ক্ষেত্রেই অর্থ ছাড় করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে।

