রিকশাচালক আকবর নিখোঁজ: ১৭ দিনেও সন্ধান মেলেনি
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকা থেকে ১৭ দিন আগে নিখোঁজ হওয়া রিকশাচালক আকবর হোসেনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। গত ২৭ জুন বিকেল ৪টার দিকে ভাড়া করা বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজের ছেলে আসলাম হোসেন ইমন গত ২ জুলাই বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আকবর হোসেন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামের মৃত জাকের হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার গায়ের রঙ শ্যামলা এবং পরনে শার্ট ও প্যান্ট ছিল। তার শ্যালক দিদার জানান, পরিবারের সদস্যরা অনেক জায়গায় খোঁজ নিলেও কোনো সন্ধান পাননি। ফেনীতে একটি মরদেহ দেখতেও গিয়েছিলেন তারা কিন্তু সেটি আকবর হোসেনের ছিল না।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম সোহাগ জানান, নিখোঁজ আকবর হোসেনের মোবাইল ফোন শেষ বার ফেনী এলাকায় সক্রিয় দেখা গেছে। ২৭ জুলাই পর্যন্ত ফেনীতে ফোনটির লোকেশন ট্র্যাক করা গেছে, এরপর থেকে তা বন্ধ রয়েছে। এই সময়ে ফোনে কোনো কল রেকর্ড বা কথোপকথনের তথ্যও পাওয়া যায়নি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাকে উদ্ধারের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা আকবর হোসেনের যেকোনো সন্ধান পেলে তাদের সাথে যোগাযোগ করার জন্য সবাইর প্রতি অনুরোধ জানিয়েছেন।

