লাইসেন্সহীন ফিড উৎপাদন: গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই অবৈধভাবে মুরগি ও মাছের খাবার তৈরির দায়ে গাজীপুরের কালিয়াকৈরে দুটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) কালিয়াকৈরের তেলিরচালা ও ভান্নারা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে তেলিরচালা এলাকার ‘জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেড’-এর কারখানায় বিএসটিআইয়ের লাইসেন্স এবং পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার ভান্নারায় অবস্থিত ‘কৃষিপণ্য ফিডস লিমিটেড’-এও অনুরূপ অনিয়ম পাওয়া যায়, যেখানে লাইসেন্স ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড তৈরি করে বিভিন্ন কোম্পানির বস্তায় করে বাজারজাত করা হচ্ছিল। ওই কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম দুই প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স ও নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেন। তিনি সতর্ক করে দেন যে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মোঃ খালেদ হোসেন, প্রকৌশলী অর্ণব চক্রবর্তী, পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী এবং গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এস. এম. তালাত মাহমুদ ও সহকারী পরিচালক মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

