বাঁশখালীতে কোমরসমান পানিতে সবকিছু হারিয়ে আশা খাতুনের আর্তনাদ

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১১:৫৪ এএম
বাঁশখালীতে কোমরসমান পানিতে সবকিছু হারিয়ে আশা খাতুনের আর্তনাদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম কোকদণ্ডী গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আশা খাতুন এখন নিঃস্ব। রোববার (১২ জুলাই) দুপুরে কোমরসমান পানি মাড়িয়ে নিজের বসতভিটায় ফিরে এসেছিলেন তিনি। কিন্তু চোখের সামনে শুধু ঘোলা পানি আর ধ্বংসস্তূপ। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে তার মাটির ঘর, ধানের গোলা, হাঁস-মুরগি ও পুকুরের মাছ। সবকিছু হারিয়ে অসহায় আত্মচিৎকারে তিনি বলেন, ও বাপ, আমার ঘর আর নাই, কিছু বাঁচাইত ন পারি। আমরা হডে যাইয়ুম, হডে থাইক্কুম, ক্যানে মাথা গুঁইজ্জুম, না জানি।

আশা খাতুনের স্বামী আবদুর রাজ্জাক বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে তার সংসার। দিনমজুর দুই ছেলের আয়ে কোনোমতে চলছে তাদের সংসার। পরিবারের একমাত্র সম্বল ছিল একটি মাটির ঘর। গত চার দিন আগে গভীর রাতে পাহাড়ি ঢলের পানি মুহূর্তেই ঘরে ঢুকে পড়লে কিছুই নেওয়ার সুযোগ হয়নি তাদের। প্রাণের ভয়ে ঘর ছেড়ে পালিয়ে আসতে হয় তাদের। বর্তমানে গ্রামের এক প্রতিবেশীর পাকা বাড়িতে আশ্রয় নিয়েছেন এই পরিবার।

আশা খাতুন জানান, শরীরে একমাত্র ভরসা ছিল এই ছেঁড়া শাড়িটি। এটি পরেই বের হতে হয়েছে। অন্য কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। দিন কাটছে শুধু চিড়া আর পানি খেয়ে। অনিশ্চয়তা আর দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। তিনি বলেন, ঝড় থামে, আবার শুরু হয়। আল্লাহ জানে, আর কত দিন এই কষ্ট থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...