শাহজালালে ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি ১৮২ যাত্রীর নাভিশ্বাস

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১০:২৪ এএম
শাহজালালে ফিটস এয়ারের বিমানে ৫ ঘণ্টা বন্দি ১৮২ যাত্রীর নাভিশ্বাস

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে ১৮২ জন যাত্রীকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বিমানের ভেতরে আটকে রাখার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ভোগের সৃষ্টি হলেও সমস্যা সমাধানের আগ পর্যন্ত যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

জানা গেছে, গত ১১ জুলাই দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ফিটস এয়ারের ৮ডি ০৯১২ ফ্লাইটটি। কিন্তু কারিগরি ত্রুটি দেখা দিলে বিমানটি যাত্রা করতে দেরি হয়। যাত্রীদের অভিযোগ, প্রথমে বিমানে তোলা হয় এবং পরে জানানো হয় যান্ত্রিক সমস্যার কথা। সমস্যা দ্রুত সমাধান সম্ভব না হলেও তাদের আটকে রাখা হয়। রোববার (১২ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে বিলম্বে উড্ডয়ন করে বিমানটি।

এই ঘটনায় ভুক্তভোগী যাত্রী ও ‘গো গার্লস’-এর সহ-প্রতিষ্ঠাতা সোনিয়া রিফাত জানান, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বারবার অসুস্থতার কথা জানালেও কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামতে দেননি। তিনি অভিযোগ করেন, সাড়ে ৭টার আগে কোনো খাবার বা পানি সরবরাহ করা হয়নি। যাত্রা বাতিল চাইলে বিমান কর্মীরা দুর্ব্যবহার করেন। কলম্বো পৌঁছানোর পর তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

আরেক যাত্রী মেহরিন রহমান বলেন, তার জীবনের প্রথম একক বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাটি এক বিভীষিকায় পরিণত হয়েছে। দীর্ঘ সময় বন্দি থাকার কারণে তিনি যাত্রা বাতিল করে বিমান থেকে নেমে আসার সিদ্ধান্ত নেন। তিনি লক্ষ্য করেন, ডায়াবেটিস ও অন্যান্য রোগে আক্রান্ত যাত্রীরা এই অবহেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...