বন্যার্তদের পাশে মানুষের খাবারের সঙ্গে পশুখাদ্যও দিল সিভাসু
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষ ও তাদের গবাদিপশুর দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। রোববার (১২ জুলাই) থেকে বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে সপ্তাহব্যাপী এক বিশেষ ত্রাণ ও চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বন্যার পানিতে ঘরে থাকা গবাদিপশু, বিশেষ করে গরু নিয়ে মানুষ যেন চরম বিপাকে পড়ে না যায়, সে কারণে মানুষের খাবারের পাশাপাশি গো-খাদ্য ও পশুর ওষুধ বিতরণে গুরুত্ব দিয়েছে সিভাসু। প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, পানি, ওষুধ এবং পশুখাদ্য বন্যার্তদের মাঝে পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, পোল্ট্রি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
এই ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অংশ নিয়েছে ওয়ান হেলথ ইয়াং ভয়েস, বাঁধন সিভাসু ইউনিট, সিভাসু ডিবেটিং সোসাইটি, রোটার্যাক্ট ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আগামী এক সপ্তাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং তিনি সমাজের সব সচেতন মানুষকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

