নিরাপদ খাদ্য নিশ্চিতে কীটনাশকের মান নিয়ন্ত্রণে জোর দিলেন কৃষিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৮:৪৫ পিএম
নিরাপদ খাদ্য নিশ্চিতে কীটনাশকের মান নিয়ন্ত্রণে জোর দিলেন কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। এজন্য কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি আমদানি ও উৎপাদন পর্যায় থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (১২ জুলাই) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। এ সময় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে খাদ্যের পরিমাণের চেয়ে নিরাপদ ও উচ্চ মানসম্পন্ন খাদ্যের চাহিদা অনেক বেশি। ফসল সংগ্রহের ঠিক আগ মুহূর্তে কীটনাশক প্রয়োগের ফলে খাদ্যদ্রব্যে রাসায়নিকের উপস্থিতি থেকে যায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি জানান, এই সমস্যা সমাধানে কৃষকদের সচেতন করা একাই যথেষ্ট নয়, বরং ল্যান্ডিং পয়েন্ট, নিবন্ধন ও আমদানির ওপর কঠোর নজরদারি জরুরি।

বাংলাদেশের উর্বর মাটি ও অনুকূল জলবায়ুর সুফল কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের খাদ্য উৎপাদনের ওপর জোর দেন তিনি। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আম ও কাঁঠালের প্যাকিং ব্যবস্থার আধুনিকায়ন রপ্তানিতে ইতিবাচক সংকেত দিয়েছে। বৈশ্বিক বাজার ধরতে উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...