ঢাকা মেডিকেলের জমকালো ৮০তম বর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ১১:২৬ এএম
ঢাকা মেডিকেলের জমকালো ৮০তম বর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে ক্যাম্পাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ২ মিনিটে তিনি এখানে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢামেকের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নেন। তারা স্লোগান ও ফুলের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। উপস্থিত জনসমুদ্রের কারণে কিছুক্ষণের জন্য গাড়িবহরের গতি ধীর হয়ে গেলেও প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার প্রতিদান দেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢামেক এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ফুটপাত থেকে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদ করায় দীর্ঘদিন পর হাঁটার পথ স্বাভাবিক হয় এবং যানজট কমে আসে। সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ করবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...