বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনে আগ্রহ রাষ্ট্রদূতের
বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতের সম্পর্ক আরও জোরদার করতে যৌথ মিডিয়া ফোরাম গঠন এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
এ সময় তথ্যমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মিডিয়া ব্যবস্থাপনার ওপর আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে গুজব ও অপতথ্য মোকাবিলায় দুই দেশের মধ্যে যৌথ পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। এর পাশাপাশি সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দুই দেশের গণমাধ্যম অঙ্গনের সহযোগিতা বৃদ্ধিতে সরকারের ইতিবাচক মনোভাবের কথাও জানান মন্ত্রী।
আলোচনাকালে রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি বাংলাদেশ ও মিশরের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে মিশর সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়ে একমত হন। তারা মিডিয়া অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

