ঢাকায় পাক হাইকমিশনার, বাণিজ্য ও সহযোগিতা বাড়ার প্রত্যয়
জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (৮ জুলাই) মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতার বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।
আলোচনায় নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের কর্মসংস্থান এবং কৃষি ও মৎস্য খাতের পারস্পরিক স্বার্থ নিয়ে কথা হয়। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার জন্য একটি মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকারের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পণ্য রপ্তানিতে পাকিস্তানের সহযোগিতা এবং আম, কাঁঠাল ও আনারস আমদানিতে পাকিস্তানের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
পাকিস্তান হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সাইবার সিকিউরিটি ও এআইতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণ সফরের বিষয়টিও তুলে ধরেন তিনি। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

