জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৫:২৫ এএম
জাদুশিল্পীদের জন্য সুখবর: মন্ত্রণালয়ের আওতায় আসছে জাদুশিল্প, সহায়তার ঘোষণা

দেশের জাদুশিল্পীদের জন্য দীর্ঘদিনের দাবি পূরণ করতে যাচ্ছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঘোষণা দিয়েছেন যে, জাদুশিল্পকে পারফর্মিং আর্ট হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। একইসঙ্গে জাদুশিল্পীদের কল্যাণে আর্থিক সহায়তা এবং নিয়মিত জাদু প্রদর্শনীর আয়োজনেরও প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, জাদুশিল্প দেশের একটি প্রাচীন ও জনপ্রিয় শিল্পমাধ্যম হলেও দীর্ঘদিন ধরে জাদুশিল্পী ও সাপুড়েরা অবহেলিত ছিলেন। মানুষের সংগ্রামের সঙ্গী এবং সুস্থ বিনোদনের এই উৎসকে আর অবহেলায় রাখা হবে না।

নিতাই রায় চৌধুরী জানান, জাদুশিল্প দেশের সৃজনশীল অর্থনীতির একটি শক্তিশালী মাধ্যম এবং এটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। নতুন অর্থবছরে জাদুশিল্পীদের জন্য বাজেট থেকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতি মাসে অন্তত একবার শিল্পকলা একাডেমিতে জাদু প্রদর্শনীর আয়োজনের বিষয়ে মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েল আইচ সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিহিত করেন। জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ দেশীয় জাদুশিল্পের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। এসময় রেজাউদ্দিন স্টালিন, বিপাশা আইচ, সাজেদুর রহমান মুনীম, মো. সাইফুল ইসলাম এবং রোকসানা আখতার রিনি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...