জনবদ্ধতার অভাবে বাড়ছে হামের প্রকোপ: বিগত সরকারকে কটাক্ষ জাহিদ হোসেনের

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ১০:০৫ পিএম
জনবদ্ধতার অভাবে বাড়ছে হামের প্রকোপ: বিগত সরকারকে কটাক্ষ জাহিদ হোসেনের

দেশের জনগণের প্রতি বিগত সরকারের কোনো ধরনের দায়বদ্ধতা ছিল না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সেই অবহেলার কারণেই প্রতিরোধযোগ্য রোগ হাম আবারও দেশে উদ্বেগজনকভাবে বেড়ে উঠেছে। বুধবার রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি মিলনায়তনে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের টিকাদান কর্মসূচির সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। কিন্তু পরবর্তীতে বিগত সরকারের গাফিলতির কারণে এই কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয় এবং হামের মতো রোগ যা সহজে প্রতিরোধ করা যায়, তা আবার দেখা দেয়। সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নিলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল বলেও তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সরকার বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতকে বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

এলোপ্যাথির পাশাপাশি ইউনানী, আয়ুর্ভেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও আধুনিকায়নের ওপর জোর দেন তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, দেশের ১৮ কোটি মানুষের একটি বড় অংশ এসব চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভরশীল। তাই সব ধরনের চিকিৎসা ব্যবস্থাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও ও দেশজ চিকিৎসার পরিচালক ডা. ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...