প্রতিদিন ধানের শীষ হাতে দাঁড়াতেন নিরাপত্তাকর্মী, উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৮ জুলাই ২০২৬ ৪:৩১ পিএম
প্রতিদিন ধানের শীষ হাতে দাঁড়াতেন নিরাপত্তাকর্মী, উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর রমনা এলাকায় প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর দেখলেই ধানের শীষ হাতে দাঁড়িয়ে সম্মান জানাতেন এক নিরাপত্তাকর্মী। নীরব এই ভালোবাসা ও শুভেচ্ছা দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই পরিপ্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই নিরাপত্তাকর্মীর হাতে উপহার তুলে দেওয়া হয়েছে।

৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনায় গিয়ে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন। এসময় তিনি আব্দুস সালামের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারের প্যাকেজটি তুলে দেন এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।

জানা গেছে, পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম স্ট্রোক করার পর চাকরি হারিয়েছিলেন। বর্তমানে রমনা পুরাতন থানার পাশে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে ৮ মাস ধরে কাজ করছেন। অসুস্থ শরীর নিয়েও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি। প্রতিদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পথে ওই বুথের সামনে দাঁড়িয়ে ধানের শীষ দেখিয়ে শুভেচ্ছা জানাতেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সুদৃষ্টি ও উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, তিনি স্বপ্নেও ভাবেননি প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই ছোট্ট প্রয়াসটি লক্ষ্য করবেন। নেতা তাকে যে এত গুরুত্ব দেবেন তা তিনি কখনো ভাবেননি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...