চরে জোর যার মুল্লুক তার নয়, ভোলায় সফরে আসছেন স্পিকার ও ভূমিমন্ত্রী
দেশের চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা জবরদখল ও প্রভাবশালীদের দাপট বন্ধ করতে কঠোর অবস্থানে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে ভূমিমন্ত্রী মিজানুর রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চরাঞ্চলে আর জোর যার মুল্লুক তার নীতি চলবে না। সরকারি খাস জমি বেদখল করে রাখা প্রভাবশালীদের উচ্ছেদ ও ভূমিহীনদের অধিকার নিশ্চিত করতে অচিরেই ভোলার চরফ্যাশন ও মনপুরায় সরেজমিনে সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই সফরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকেও সাথে দেখা যেতে পারে।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে চরাঞ্চলের ভূমি ব্যবস্থাপনার দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশে ৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ একর খাস জমি থাকলেও তার বড় অংশই প্রভাবশালীদের দখলে। ভুমিহীন ও নদীভাঙা মানুষরা অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন। এর জবাবে ভূমিমন্ত্রী সাংসদকে যুব আইকন হিসেবে অভিহিত করে বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ আইন ২০২৩ ও ২০২৪ সালের বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ডিজিটাল ডাটাবেজ তৈরির মাধ্যমে স্বচ্ছতা আনা হবে।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় খাস জমি উদ্ধারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের আমলে খাস জমি বিতরণের যে সফলতা দেখা গিয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় ভূমিহীনদের জমি দেওয়ার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। সময় সুযোগ হলে ভূমিমন্ত্রীর ভোলা সফরে তিনিও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন।

