টেলিটক বিক্রি হচ্ছে না, নগদ প্রশাসকের তত্ত্বাবধানে থাকছে: আইসিটি মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৪:৪৫ পিএম
টেলিটক বিক্রি হচ্ছে না, নগদ প্রশাসকের তত্ত্বাবধানে থাকছে: আইসিটি মন্ত্রী

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রির কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, বেসরকারি কোম্পানির একচেটিয়া আধিপত্য ঠেকাতে এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে সরকার এই প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আপাতত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ বিক্রি না করে সরকারি প্রশাসকের অধীনেই পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, টেলিটক থাকা না থাকা নিছক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিষয় নয়, বরং এটি বাজার দর নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সম্প্রতি বিটিসিএল ও টেলিটকের সাথে অংশীদারত্বের প্রস্তাব দিয়েছিল বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন, তবে সরকার তা গ্রহণ করেনি।

‘নগদ’ নিয়ে আইনি জটিলতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, এই মুহূর্তে প্রতিষ্ঠানটি বিক্রি বা হস্তান্তর করা সম্ভব নয়। চলমান আইনি লড়াই বা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি একজন প্রশাসকের মাধ্যমেই পরিচালিত হবে। আইনি প্রক্রিয়া শেষে এর ভবিষ্যৎ নির্ধারণে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...