বিমানবন্দরের ভুয়া ম্যানেজারের ফাঁদে ৩১ লাখ, গ্রেফতার মূলহোতা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন বিভাগের ম্যানেজার পরিচয় দিয়ে প্রায় ৩১ লাখ টাকার প্রতারণার ঘটনায় অভিযুক্ত চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদারকে (২৮) আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভুক্তভোগী একজন বেসরকারি বীমা কোম্পানির কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টার্গেট করে এই চক্র। নিজেদের বিমানবন্দরের কর্মকর্তা দাবি করে তারা জব্দকৃত আইফোন, ল্যাপটপ ও স্যামসাং ফোন কম দামে দেওয়ার প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনে সিভিল এভিয়েশন অথরিটির জাল দলিল, সরকারি অনুমোদনপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্সও হাজির করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং ও ৫৪৩টি ল্যাপটপ সরবরাহের প্রলোভন দেখিয়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
টাকা লেনদেনের পর পণ্য না দিয়ে যোগাযোগ বন্ধ করলে গত ২২ জুন পল্টন থানায় সাইবার আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। এ ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় রবিনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, গ্রেফতারের সময় তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও সাতটি সিম জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে চক্রের অন্যান্য সদস্য এবং আর্থিক লেনদেনের সূত্র খুঁজে বের করার কাজ চলমান রয়েছে।

