সাংহাই মডেলে বদলে যাচ্ছে পুরান ঢাকা, স্বপ্ন আধুনিক নগর
ঐতিহ্যবাহী পুরান ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। চীনের সাংহাই শহরের আদলে এই এলাকার পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি নগর সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
‘আরবান রি-জেনারেশন’ বা শহরের পরিকল্পিত পুনর্জীবন ধারণাকে কেন্দ্র করে এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ‘ইন্টিগ্রেটেড প্রজেক্ট ফর রিভাইটালাইজেশন অব ওল্ড ঢাকা’ শীর্ষক একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নীতিগত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।
সাংহাই মডেলের মূল বৈশিষ্ট্য হলো জরাজীর্ণ ও অনিয়ন্ত্রিত এলাকাগুলোকে সাজিয়ে নতুন করে গড়ে তোলা। এতে ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক আবাসন, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত উন্মুক্ত স্থান এবং বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকা ও হাজারীবাগ এলাকাকে এই মডেলে উন্নত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন জানান, পুরান ঢাকাকে পরিকল্পিতভাবে পুনর্গঠনের জন্য ইতিমধ্যে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। রাজউকের সর্বশেষ বিধিমালার মধ্যেও রি-ডেভেলপমেন্ট ও রি-জেনারেশন সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি অর্থায়ন নিশ্চিত হলে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে এবং ধাপে ধাপে কাজ শুরু হবে।

