‘শাপলা’ কোডে ফাঁস: ৭৬ যাত্রীর জাল ভিসা, বোর্ডিং পাস ইস্যুতে বিতর্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ জন যাত্রীকে জাল ভিসায় মালয়েশিয়া পাঠানোর বড় চক্রান্ত ফাঁস হয়েছে। গোপন সংকেত বা কোড শব্দ ‘শাপলা’ বোর্ডিং গেটে বলতে না পারায় ব্যর্থ হয় এই মানবপাচারের ছক। এর আগে কীভাবে এত বড় দলটির বোর্ডিং পাস ইস্যু হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভূমিকা নিয়ে।
গত ৪ জুলাই শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মালয়েশিয়াগামী বিজি-৩৮৬ ফ্লাইটে যাত্রা করার কথা ছিল ওই ৭৬ জনের। তবে বোর্ডিং গেটে দায়িত্বরত কর্মকর্তারা নির্ধারিত কোড জানতে চাইলে অনেকেই হিমশিম খান। এরপরই তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করলে বেরিয়ে আসে ব্যাপক অসংগতি। খবর পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে; ১০ জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয় এবং বাকি ৬১ জন বিমানবন্দর থেকে দ্রুত সরে পড়েন।
এই ঘটনায় বিমানবন্দরের ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ। অভিযোগ রয়েছে, এতগুলো টিকিট একই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাটা হলেও বিমান কর্তৃপক্ষ তা খতিয়ে দেখেনি। ধারণা করা হচ্ছে, এয়ারলাইন্সের অভ্যন্তরের কোনো প্রভাবশালী কর্মকর্তা এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। বর্তমানে এসবি, গোয়েন্দা সংস্থা ও সিভিল এভিয়েশন যৌথভাবে বিষয়টির তদন্ত করছে।

