বিমানের বোর্ডিং পাস নিয়ে প্রশ্ন, জাল ভিসায় ৭৬ জনের যাত্রা ব্যর্থ

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ২:০৬ এএম
বিমানের বোর্ডিং পাস নিয়ে প্রশ্ন, জাল ভিসায় ৭৬ জনের যাত্রা ব্যর্থ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় মানবপাচার চক্রের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে গোয়েন্দা সংস্থারা। গত ৪ জুলাই জাল ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে ৭৬ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় পাঠানোর আয়োজন করা হয়েছিল। তবে বোর্ডিং গেটে নির্ধারিত গোপন কোড বা সংকেতের অমিল ধরা পড়লে ওই যাত্রীদের কাগজপত্র যাচাই করা হয়। এরপরই বেরিয়ে আসে ভিসা ও পাসপোর্টের অনিয়মের বিষয়টি।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটের জন্য ওইদিন নির্ধারিত গোপন কোড ছিল ‘শাপলা’। কিন্তু বোর্ডিং গেটে কর্তব্যরত কর্মকর্তারা কোড জানতে চাইলে অনেকেই সঠিক উত্তর দিতে পারেননি। এ সময় সন্দেহ হলে তাদের কাগজপত্র যাচাই করা হলে প্রথমে কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে অন্য ১০ যাত্রী বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করেন, যাদের গোয়েন্দা নজরদারিতে শনাক্ত করা হয়। এছাড়া, চেক-ইন কাউন্টারে অপেক্ষমাণ আরও ৬১ যাত্রী বিষয়টি বুঝতে পেরে বোর্ডিং পাস ছাড়াই দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন।

এ ঘটনায় এখন যৌথভাবে তদন্ত শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষ শাখা (এসবি), সিভিল এভিয়েশন ও নিরাপত্তা ইউনিট। তদন্তকারীরা জানতে চান, এত বড় একটি দল একসঙ্গে কোন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে টিকিট কাটলো এবং জাল ভিসা থাকা সত্ত্বেও তারা কীভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস হাতে পেলেন। সম্প্রতি এ ধরনের ঘটনায় রাষ্ট্রীয় বিমান সংস্থার অভ্যন্তরে একটি প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...