জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, মিটারের ত্রুটি নয় বলে দাবি সচিবের

প্রাইম বার্তা অনলাইন
০৬ জুলাই ২০২৬ ২:৪০ পিএম
জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, মিটারের ত্রুটি নয় বলে দাবি সচিবের

চলতি বছরের জুন মাসে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে গ্রাহকদের মধ্যে সৃষ্টি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন বিদ্যুৎ বিভাগ। সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ জানান, অধিকাংশ ক্ষেত্রে মিটারের ত্রুটির কারণে বিল বেড়েছে এমনটা নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া এবং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বৃদ্ধিই এর মূল কারণ। তবে কোথাও প্রকৃত অনিয়ম বা হিসাবে গরমিল পাওয়া গেলে তা তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সচিব বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত অনুযায়ী জুন ২০২৬ থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় বিলের পরিমাণ বেড়েছে। এর সাথে যোগ হয়েছে গ্রীষ্মকালীন তীব্র তাপপ্রবাহ, কম বৃষ্টিপাত এবং ঈদুল আজহা ও ক্রিকেট-ফুটবল খেলার আসর। এসব কারণে বাসাবাড়িতে এসি, ফ্রিজ, টিভি, রাইস কুকার ও ব্লেন্ডারের মতো বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা সরাসরি বিল বৃদ্ধির দিকে ঠেলে দিয়েছে। তবে সরকার নিম্ন আয়ের মানুষের কথা ভেবে লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরনো ট্যারিফ বহাল রেখেছে।

মিরানা মাহরুখ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিল নিয়ে ওঠা অভিযোগগুলো প্রধানমন্ত্রীর নজরে এসেছে। অভিযোগগুলো যাচাই করে অপ্রয়োজনীয় বিল সংশোধনের পাশাপাশি দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...