সাতকানিয়ায় নুরুল ইসলাম অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি বনভূমি দখলকে কেন্দ্র করে নুরুল ইসলাম নামের এক যুবককে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি আকবর হোসেন বাঁচাকে গ্রেফতার করেছে র্যাব-১৫। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেরানিহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ২৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে থেকে নুরুল ইসলাম প্রকাশ নুরুকে (৩৬) অপহরণ করা হয়। পরের দিন ২৫ জুন বান্দরবান সদর উপজেলার মাঝেরপাড়া এলাকার একটি সেতুর নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা না থাকায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১ জুলাই নিহতের ছোট ভাই মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আকবর হোসেন বাঁচাসহ চারজনের নাম উল্লেখ এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আকবর হোসেন উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার বাসিন্দা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার আসামিকে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

