ফুটবল নিয়ে বিরোধে বিএনপি নেতা হত্যায় জড়িত দুইজন গ্রেফতার
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩ জুলাই) র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ও ময়মনসিংহ থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৯ জুন জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং এলাকায় নিহত বিএনপি নেতার সঙ্গে স্থানীয় প্রতিপক্ষের বিরোধ শুরু হয়। পরে ১ জুলাই সন্ধ্যায় সালিস বৈঠক ব্যর্থ হলে ওই দিন রাতে ধারালো অস্ত্র নিয়ে সাদ্দাম ও বাদশার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান আরও জানান, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় জানা যায়, মামলার প্রধান আসামি মো. সুমন (২৫) জামালপুর এবং কথিত হুকুমদাতা মো. শহীদ (৫৯) ময়মনসিংহের নান্দাইলে অবস্থান করছিলেন। র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সুমনের বিরুদ্ধে এর আগে মাদক ও ডাকাতির মতো অপরাধে দুটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শোয়েব হোসেন সোয়াইব ও মো. কবিরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

