ধর্ষণ মামলা বাড়ছে বাধা নেই বলেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৬:৪০ পিএম
ধর্ষণ মামলা বাড়ছে বাধা নেই বলেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গত এক যুগের তুলনায় দেশে খুন ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সেসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ধর্ষণের পরিসংখ্যান বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, বর্তমান সময়ে সামাজিক বা রাজনৈতিক কোনো বাধা ছাড়াই ভুক্তভোগীরা থানায় গিয়ে মামলা করতে পারছেন। এই সহজলভ্যতার কারণেই আইনি রেকর্ডে ধর্ষণের ঘটনার সংখ্যা বেশি দেখা যাচ্ছে বলে তিনি মনে করেন।

বিরোধীদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা গণমাধ্যমের তথ্য উপস্থাপন করে জানান, গেল মার্চ ও এপ্রিল মাসে সারাদেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তিনি এও উল্লেখ করেন যে, দেশে প্রতিদিন গড়ে ১০টির অধিক খুনের ঘটনা ঘটছে। সাতক্ষীরা-২ আসনের এমপি মোহাম্মদ আব্দুল খালেক মাদকের বিস্তার রোধে গ্রাম পুলিশ নিয়োগের পরামর্শ দেন।

মন্ত্রী জবাবে বলেন, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ক্ষেত্রে দেশ ঐতিহাসিকভাবে উন্নত অবস্থানে রয়েছে। তবে ধর্ষণের মামলার রেকর্ড কিছুটা বেশি দেখা যাচ্ছে স্বীকার করে তিনি বলেন, এটি আসলে আইনি প্রক্রিয়ায় সহজে অংশ নেওয়ার ইতিবাচক ফলাফল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকার বাজেট দাবি করা হলেও বিরোধীদল ১ টাকা বরাদ্দের প্রস্তাব দেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...